মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি হওয়া বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) বিরুদ্ধে সাক্ষ্যদাতা এক বীর মুক্তিযোদ্ধাকে কক্সবাজারের আটক করে স্থানীয় কিছু লোক। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়ার পর কোনো মামলা না থাকায় ছেড়ে দেওয়া হয়। আজ শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে চট্টগ্রামে নিয়ে গেছেন।
ছাড়া পাওয়া বীর মুক্তিযোদ্ধার নাম নুরুল আবছার। তিনি চট্টগ্রামের বাসিন্দা। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৫ সালে ফাঁসি কার্যকর হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় ১০ নম্বর সাক্ষী ছিলেন নুরুল আবছার।
এর আগে গতকাল শনিবার সকালে কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়ার আবদুল গণি নামের এক ব্যক্তির বাড়ি থেকে ৮০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে আটক করেন স্থানীয় কয়েকজন লোক। দুপুরে তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে নুরুল আবছার আত্মগোপনে চলে যান। কয়েক মাস ধরে তিনি রামুতে এসে আবদুল গণির বাড়িতে আত্মগোপনে ছিলেন। আবদুল গণি এক সময় নুরুল আবছারের বাড়িতে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, নুরুল আবছারের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ না থাকায় পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছে। নিরাপত্তার কথা ভেবে তিনি ভোররাত পর্যন্ত থানায় অবস্থান করেন। আজ শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে চট্টগ্রামে নিয়ে গেছেন।