ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব

নোয়াখালীর ভাসানচরের ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৩৫ জনকে আটক করেছে র‌্যাব-৭। চট্টগ্রামের পতেঙ্গা সৈকত এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রোহিঙ্গা জনগোষ্ঠীর কিছু মানুষ অবৈধভাবে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের জন্য পতেঙ্গা থানার খেজুর তলা বেড়ীবাঁধ এলাকায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে আজ শনিবার আনুমানিক বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অভিযানে যায়। এরপর পতেঙ্গা থানার সৈকতের কাছে খেজুরতলা বেড়ীবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চট্টগ্রাম মহানগরীসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে নোয়াখালী জেলার ভাসানচর এলাকার রোহিঙ্গা ক্যাম্প থেকে কৌশলে এসে পতেঙ্গা সৈকত এলাকায় অবস্থান করছিল তারা।

আটককৃত রোহিঙ্গাদের চট্টগ্রামের পতেঙ্গা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।