পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার সৈকত

পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার সৈকত। ঈদের ছুটিতে গত দুই দিনে সমুদ্রে ডুবে তিন পর্যটকসহ ৬ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্দেশনা না মেনে অনেকে সমুদ্রের যেখানে সেখানে নামছেন। সৈকতের অনেক স্থানে ভাঙন ও গুপ্ত খাল তৈরি হওয়ায় পানিতে নামার আগে বিপদ টের পাচ্ছেন না পর্যটকেরা। এতেই প্রাণহানি ঘটছে।

গত সোমবার রাজশাহী থেকে কক্সবাজারে বেড়াতে যান শাহিনুর দম্পতি। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কলাতলী সৈকতে নেমেছিলেন গোসলে। হঠাৎ কলেজ পড়ুয়া ছোট ছেলে সিফাত স্রোতে ভেসে যায়। উদ্ধারে ছুটে যান বাবা কিন্তু দুজনই ফেরেন লাশ হয়ে। প্রশাসন জানায়, দুই দিনে সমুদ্র সৈকতে গোসলে নেমে মারা যায় তিন পর্য়টকসহ ৬ জন।

নিরাপত্তাকর্মীরা বলছেন, ছুটির দিনে এত পর্যটক আসে যে সামাল দেয়া কঠিন। সী সেইফ লাইফ গার্ডের ম্যানেজার ওসমান গনি বলেন, আমাদের যেসব নির্দেশনা আছে, সেগুলো না জানা এবং না মানার কারণে এসব দুর্ঘটনা ঘটছে। 

জেলা প্রশাসন বলছে, সৈকতে সচেতনতা কার্যক্রম বাড়ানো হয়েছে। তবে অনেক পর্যটক নির্দেশনা মানেন না। কক্সবাজার জেলা প্রশাসনের এডিএম শাহেদুল আলম বলেন, আমাদের যে কর্মী আছেন, তাঁরা কাজ করছেন। আমারা সচেতনা করছি, আমাদের নির্দেশনা মানছে না অনেক।

সী সেইফ লাইফ গার্ডের তথ্যমতে, সমুদ্র গোসলে নেমে গত ১০ বছরে মারা গেছে ৬০ জন। জীবিত উদ্ধার হয়েছে ৭৭৩ জন।