আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করায় চাঁদপুরে ৪ নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ঝটিকা মিছিল বের করার দায়ে চাঁদপুরের শাহরাস্তিতে দলটির চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাতে গ্রেপ্তার করা হয় তাদের।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার  সন্ধ্যায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক রেলওয়ে স্টেশন বাজার এলাকার একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও সত্তাকে সমর্থন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্ন করার উদ্দেশ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়। রাতে অভিযান চালিয়ে আলীপুর গ্রামের তফাদার বাড়ির আব্দুল হকের ছেলে মো. ফারুক হোসেন (৪৯), রাড়া গ্রামের মুন্সি বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে সেলিম মুন্সি (৬৫), আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান (২৬) ও আলীপুর গ্রামের নোয়া বাড়ির মৃত এবায়েত উল্ল্যাহর ছেলে মো. দুলাল তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, ‘তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’