খাগড়াছড়িতে আবারও পুশ-ইনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলা সীমান্তবর্তী শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, ‘গতকাল গভীর রাতে ৯ জন ব্যক্তিকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তবে কীভাবে তাদের পুশ-ইন করেছে সেই বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন। পুশ-ইন হওয়াদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন।’
এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৫৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ। চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের পুশ-ইন করা শুরু করে ভারত।