চাঁদপুরের কচুয়া উপজেলায় বসতঘরে ঢুকে বৃদ্ধা মমতাজ বেগমকে (৬৫) হত্যার ঘটনায় আবদুল কাদের (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নিহত মমতাজ বেগমের ব্যবহৃত মোবাইলফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আবদুল কাদের উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের জামশেদের ছেলে। তাকে আজ শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার দিনগত রাতে চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়িতে বৃদ্ধাকে রক্তাক্ত জখম ও শ্বাসরোধে হত্যা করে মরদেহ রান্নাঘরে পাতার স্তূপে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় ছেলে সোহেল প্রধানীয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, ঘটনার রাতে বসতঘরে একা ছিলেন বৃদ্ধা। তার ছেলে সোহেল প্রধানীয়া বাসায় এসে তার মাকে খুঁজে পাননি। বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত ছিল। পরে রাতে খোঁজাখুঁজির পর রান্নাঘরের পাশে পাতার স্তূপে ঢেকে রাখা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। গ্রেপ্তারকৃত আবদুল কাদেরের কাছ থেকে বৃদ্ধার ব্যবহৃত মোবাইলফোন উদ্ধর করা হয়েছে। আদালতে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। তাকে রিমান্ডে এনে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’