চট্টগ্রামে শিক্ষককে খুঁটিতে বেঁধে মারধরের ঘটনায় দুই ভাই গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে একটি স্কুলের প্রধান শিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলা সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুজন হলেন– কেঁওচিয়া এলাকার আবদুল হান্নান ও আবু বক্বর। এদের মধ্যে হান্নান সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতের নাজির হিসেবে কর্মরত।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, এ ঘটনায় ওই শিক্ষককের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ইতোমধ্যে হান্নান ও বক্কর নামে দুই এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

গত শুক্রবার বিকেলে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার বাজারে ওই শিক্ষককে দোকানের খুঁটিতে বেঁধে মারধর করে আবদুল হান্নান ও তাঁর পরিবারের সদস্যরা। জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের এ ঘটনা বলে জানিয়েছে পুলিশ। মারধরের শিকার ওই শিক্ষক বান্দরবানের একটি স্কুলের প্রধান শিক্ষক। গত শনিবার মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।