খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেলের নিহত ১, আহত ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিবালা ত্রিপুরা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই এলাকার শ্যামল বিকাশ ত্রিপুরা (৩১) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

আজ শনিবার সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা জোন এলাকার সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত দাবালা ত্রিপুরা গুইমারার আড়বাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৯টার দিকে শান্তি পরিবহন নামের একটি বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছি। সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চাকায় পড়েন ওই নারী। এ ছাড়া মোটরসাইকেলের চালকও গুরুতর আহত হন। পরে উভয়কে স্থানীয়রা মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেলে কর্তব্যরত চিকিৎসক দিবালা ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক শান্তি পরিবহন ও মোটরসাইকেলকে জব্দ করে মাটিরাঙ্গা থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ঘটনার পর থেকে শান্তি পরিবহনের চালক পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার সহকারী পরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।