চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গু–চিকুনগুনিয়ার প্রকোপ

চট্টগ্রামে বর্ষা মৌসুমে আবারও ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। শুধু জুলাই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩৮২ জন, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। আর চিকনগুনিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮০৩ জন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, চট্টগ্রামের হাসপাতালগুলোর বহির্বিভাগে রোগীদের অর্ধেকই আসছেন জ্বর, শরীর ব্যথা ও কাশির উপসর্গ নিয়ে। পরিস্থিতি বিবেচনায় অনেককেই ভর্তি করা হচ্ছে হাসপাতালে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. নূর মোহাম্মদ বলেছেন, ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো রোগগুলো এখন শহরকেন্দ্রিক নেই। নতুন করে বেড়েছে মশার হটস্পটও।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, আক্রান্ত বাড়লেও মৃত্যুহার কম, তাই আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, গেল বছর চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুর ২৩টি হটস্পট চিহ্নিত হলেও, নতুন করে এবার হয়নি জরিপ। ফলে পুরোনো গবেষণায় চলছে মশক নিধন।

ডেঙ্গুতে চট্টগ্রামে এবার মারা গেছেন আটজন। এদের মধ্যে ছয়জনই মারা গেছেন জুলাই মাসে। তবে চিকুনগুনিয়া আক্রান্তদের এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই।