লক্ষ্মীপুরে বলিরপোল-নাছিরগঞ্জ সড়ক বিচ্ছিন্ন, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা  

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বলিরপোল-নাছিরগঞ্জ সড়ক অতিবৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারের পানির চাপে বিচ্ছিন্ন হয়ে গভীর খালে পরিণত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে স্থানীয় ২০ হাজার বাসিন্দা। এ ছাড়া উপজেলার চরমার্টিন ও চরকালকিনিসহ বিভিন্ন এলাকায় কাঁচা সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।

গত শনিবার বিকেলে পানির চাপে সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে পাঁচদিন ধরে একই অবস্থা বিরাজ করছে। এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয়রা জানায়, নাছিরগঞ্জ-বলিরপোল সড়কের আশপাশে অন্তত ২০ হাজার মানুষ বসবাস করে। সড়কটি ঘেঁষেই পূর্বপাশে সরু খাল রয়েছে। এতে অতি জোয়ারের সময় প্রতিবারই সড়কটি ক্ষতির সম্মুখীন হয়। এ সড়ক দিয়ে প্রতিদিন অন্তত পাঁচ হাজার মানুষের যাতায়াত রয়েছে। কিন্তু অতিবৃষ্টি ও জোয়ারের পানির চাপে সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানটি এখন প্রায় ৩০ ফুট প্রস্থ খালের আকার ধারণ করেছে। এ কারণে সড়কটিতে চলাচলকারী মানুষজন চরম দুর্ভোগে পড়েছে। সড়কের পশ্চিম পাশের কোমর পানি মাড়িয়ে কষ্ট করে সবাইকে যাতায়াত করতে হচ্ছে। স্কুল শিক্ষার্থীরাও বিদ্যালয়-বাড়ি যাতায়াতে দুর্ভোগে পড়েছে। আশপাশের কাঁচা সড়কগুলোও নষ্ট। এতে সেসব রাস্তাগুলোও ব্যবহার অনুপোযোগী। কেউ একজন অসুস্থ হলে দ্রুত সময়ে হাসপাতালে নেওয়ার সুযোগ নেই। জরুরি প্রয়োজনে কোথাও যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে সড়কটি বিচ্ছিন্ন হওয়ায়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন,  পানির চাপে সড়কটি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছে স্থানীয় ২০ হাজার বাসিন্দা। স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার হওয়ায় ঘটনাটি ঘটেছে। সড়কটি এখন ঝুঁকিপূর্ণ।

মো. রাহাত উজ জামান আরও বলেন, ‘এখানে একটি কালভার্ট নির্মাণ করব, যেন পানি যাওয়ার একটি ব্যবস্থা হয়। সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগকে আমরা অবহিত করব।’