উজান থেকো বৃষ্টির পানি নেমে আসায় রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি আবারও বাড়তে শুরু করেছে। বর্তমানে হ্রদের পানির উচ্চতা ১০৮ ফুট অতিক্রম করে ফেলেছে। ১০৯ ফুট হলে বাঁধের স্পিলওয়ের ওপর দিয়ে পানি উপচে পড়বে। এরই মধ্যে বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, লংগদু, নানিয়ারচর উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে।
আজ বুধবার সকালে পানি উচ্চতা ১০৮ দশমিক ২৫ ফুট (এমএসএল) মিনস্ সি লেভেল অতিক্রম করেছে। এ পানির উচ্চতা ১০৯ ফুট এমএসএলে গেলে বাঁধের পানি উপচে পড়বে।
চলতি বছরের মধ্যে গত ২২ জুলাই প্রথমবারের মতো কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০০ ফুট মিনস সি লেভেল অতিক্রম করে। হ্রদের পানি বৃদ্ধিতে এরই মধ্যে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট চালু হয়ে গেছে। যা থেকে প্রতি সেকেন্ডে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।