চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যাত্রী সেজে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার নারায়ণপুর পূর্ব বাদামতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই চালকের নাম শাওন কাজী। শাওন উপজেলার বড়দিয়া উত্তর নলুয়া গ্রামের ইকবাল কাজীর ছেলে।
ঘটনাটি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ। তিনি জানান, অটোচালককে হত্যার ঘটনায় তার মা রোকসানা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। হত্যায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শাওনের ভাই ইয়াছিন ও খালা ফাতেমা বেগম বলেন, ‘রাতে অটোরিকশায় যাত্রী সেজে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে জখম করা হয় শাওনকে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। প্রথমে শাওনকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যু হয় তার।’
চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। মুখমন্ডল ও মাথায় জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।