খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল রাফিকে অপহরণের ঘটনায় পলাতক আসামি মো. মনির গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টিঅ্যান্ডটি পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা। ওসি বলেন, অপহরণের ঘটনার পর থেকে পলাতক ছিলেন মনির। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত রোববার সকাল সাড়ে ১১টা জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে শিক্ষার্থী আল রাফিকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী। ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে পানছড়ি মোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় জড়িত বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়। বাদশা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার থেকে কামরুল ইসলাম নামে আরও এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন মামলার তালিকাভুক্ত আসামি মনির।
এ নিয়ে ঘটনায় অপহরণের ঘটনায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ও সেনাবাহিনী।