ফের বিপৎসীমা ছুঁই ছুঁই কাপ্তাই হ্রদের পানি

উজান থেকে পানি নেমে আসায় ফের বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। পানি এখন প্রায় বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ১০৭ দশমিক ৮৭ ফুট উপরে। বাঁধে সর্বোচ্চ পানিধারণ ক্ষমতা ১০৯ ফুট। এর উপরে গেলে স্পিলওয়ের ওপর দিয়ে উপছে পড়বে হ্রদের পানি।

বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, জরুরি পরিস্থিতিতে যেকোনো সময় স্পিলওয়ের ওয়েট গেট খুলে পানি ছেড়ে দেওয়া হতে পারে। সেজন্য বাঁধের নিচের অংশে কর্ণফুলী নদীর তীরবর্তী জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি টানা বৃষ্টিতে চেঙ্গী, মাইনী, কর্নফুলী, রেইংখং, ঠেগা নদী হয়ে উজান থেকে পানি নেমে আসায় দ্রুত কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে।

এদিকে, কাপ্তাই হ্রদের তীরবর্তী নির্মাণ করা লংগদু, বরকল, বাঘাইছড়ি এলাকায় হাজারো বাড়ি ঘর পানিতে তলিয়ে গেছে।