ডাকসু নির্বাচন নিয়ে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়ার ওসিকে প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার জেলার পুলিশ সুপার এহতেশামুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।

তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি জেলা পুলিশ সূত্র নিশ্চিত করেছে। তার স্থলে পদায়ন করা হয়েছে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে।

অভিযোগ আছে, মোজাফফর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের তিন প্রার্থীকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এ ঘটনার পরপর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মোজাফফর। তিনি দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। তার ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যে প্রণোদিতভাবে হ্যাক করে একটি রাজনৈতিক পোস্ট করেছে।

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ওসির ব্যক্তিগত আইডিতে পোস্টের ঘটনা ফেসবুক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার করা ওই জিডির নোটে ওসি মোজাফফর হোসেন জানান, বিভিন্ন মাধ্যম থেকে পোস্টের স্ক্রিন শর্ট পেয়ে তিনি দেখতে পান তাতে বেগুনি রংয়ের ব্যাক গ্রাউন্ডে ‘শুভ কামনা ২১, ১৭, ০৮,’ লেখা রয়েছে। বিষয়টি তিনি তাৎক্ষণিক পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে (প্রশাসন ও অর্থ) অবগত করেন। পরবর্তীতে তিনি তার আইডিতে ডুকে ওই পোস্টটি আর দেখতে পাননি। 

ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ২১ নম্বর ব্যালটে ভিপি প্রার্থী ছিলেন আবিদুল ইসলাম (আবিদ), ১৭ নম্বর ব্যালটে জিএস প্রার্থী ছিলেন তানভির বারী (হামিম) এবং একই প্যানেলে ৮ নম্বর ব্যালটে তানভির আল হাদী (মায়েদ) এজিএস প্রার্থী ছিলেন।

ওসি তার সরকারি আইডি ‘Sadar Thana Brahmanbaria’-তে তার আইডি হ্যাক হওয়ার বিষয় অবগত করে পোস্ট দেন এবং এই ব্যাপারে সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন। 

এ বিষয়ে ওসি মোজাফফর হোসেন জানান, তাকে ক্ষতি করার উদ্দেশ্যে তার ফেসবুক আইডি হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়। কে বা কারা এই পোস্ট দিয়েছি সেটি তার জানা নেই। তাছাড়া সদর মডেল থানার আইডি থেকে ওই পোস্ট দেওয়ার বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। 

‘আমার অফিসিয়াল আইডি থেকে এমন কিছুই হয়নি। আমার ব্যক্তিগত আইডি হ্যাক করে এই পোস্ট দেওয়া হয়েছে। ব্যক্তিগত আইডি বছরে ২/৩ বারও দেখার সুযোগ হয় না। সর্বশেষ এ বছরের জুন মাসে আমি একটি পোস্ট দিয়েছিলাম। এরপর আমি আর আইডিতে ঢুকিনি।’—বলেন ওসি মোজাফফর।