টেকনাফের গহীন পাহাড় থেকে অপহরণের শিকার ৬৬ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়ায় গহীন পাহাড় থেকে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ যৌথ অভিযানে অপহরণকারী ও মানবপাচারকারী চক্রের বেশ কয়েকটি আস্তানা খুঁজে পাওয়ার দাবি করেছে দুই বাহিনী।

নৌ বাহিনীর পক্ষ থেকে পাঠানো যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড়ে তল্লাশি চালিয়ে দীর্ঘদিন ধরে আটকে রাখা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করা হয়।

নৌবাহিনী সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এসব চক্র অস্ত্রের মুখে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে মানবপাচার কার্যক্রম চালিয়ে আসছিল।

উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়। নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অপরাধ দমনে অভিযান অব্যাহত রাখবে নৌবাহিনী ও কোস্ট গার্ড।