চট্টগ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর আলিনগর এলাকায় আধিপত্য বিস্তার ও জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৪ জন। আজ শনিবার সকালে এই সংঘর্ষ হলেও সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে। 

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সীতাকুন্ডের পাহাড়ঘেরা জঙ্গল ছলিমপুরের আলীনগরের জমি দখল নিয়ে উসকানি দিচ্ছিল স্থানীয় রোকন মেম্বার ও ইয়াছিন গ্রুপ। শনিবার সকালে রোকন মেম্বারের গ্রুপ আলীনগর দখল করতে যায়। এসময় ইয়াছিন গ্রুপ তাদের ঘেরাও করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আহত হয় ১৪ জন।’

সংঘর্ষের এই ঘটনা জানাজানি হয় সন্ধ্যায়। এদিকে নিহত ব্যক্তির এখনও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। এই ঘটনায় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও কয়েকটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। মূলত ওই এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এমন হামলা বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ৮টি শটগানের গুলি, ২টি পিস্তল ম্যাগাজিন উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এলাকার পরিস্থিতি এখন স্থিতিশীল বলেও জানিয়েছে পুলিশ।