খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আরও ১

খাগড়াছড়ি সদরের ভাইবোন ছড়ায় এক ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক আসামি মো. সোহেলকে (২৬) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, খাগড়াছড়ি সদরের ভাইবোন ছড়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক এজাহারনামীয় আসামি মো. সোহেলকে (২৬) মোবাইল ফোন ট্রেকিংয়ের মাধ্যমে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। তিনি বর্তমানে সদর থানা হেফাজতে রয়েছেন। তাঁকে আজ আদালতে হাজির করা হবে।

প্রসঙ্গত, ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনকে আসামি করে চলতি বছরের ১৭ জুলাই তারিখে খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়। মামলার সাথে সাথেই চার আসামিকে গ্রেপ্তার করা হয়। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।