খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাসিব (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের যৌথখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসিব চট্টগ্রামের ফটিকছড়ির সামসুল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িমুখী একটি মিনিট্রাক যৌথখামার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি পর্যটকবাহী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তাসিব নিহত হয়।
একই মোটরসাইকেলে থাকা তারেক (১৮) নামের আরেকজন গুরুতর আহত হন। তিনি ফটিকছড়ির নুরুল ইসলামের ছেলে। স্থানীয়রা আহত তারেককে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হারুন বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি।’
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মিনিট্রাক জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।