খাগড়াছড়িতে মিনি ট্রাকের ধাক্কায় পর্যটকের মৃত্যু

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাসিব নামে মোটরসাইকেল আরোহী এক পর্যটক নিহত হয়েছেন। এসময় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের যৌথখামার এলাকায় এ দুর্ঘটনা হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি দুমড়ে–মুচড়ে যায়।

নিহত তাসিব (১৭) চট্টগ্রামের ফটিকছড়ির সামসুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িমুখী একটি মিনি ট্রাক যৌথখামার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি পর্যটকবাহী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তাসিব নিহত হন।

স্থানীয়রা আহত তারেককে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।