১০ বছর নিঃসন্তান ছিলেন, একসঙ্গে কোলে এল পাঁচ শিশু

বিয়ের ১০ বছর পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এনি আক্তার নামে এক নারী। সোমবার বিকেলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার সন্তানদের প্রসব হয়।

এনি আক্তারের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তার স্বামীর নাম ওয়াহিদুল ইসলাম সুমন, পেশায় ব্যবসায়ী। এই দম্পতি এতদিন নিঃসন্তান ছিলেন।

চট্টগ্রাম নগরীর পিপলস হসপিটালে জন্ম নেওয়া এনি–সুমন দম্পতির পাঁচ সন্তানের মধ্যে দুজন ছেলে ও তিনজন মেয়ে। পাঁচ শিশুই সুস্থ রয়েছে। তবে সাবধানতার জন্য নবজাতকদের পার্কভিউ হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

জানা যায়, ১০ বছর আগে এনি আক্তার ও সুমনের বিয়ে হয়। কিন্তু তাদের সন্তান হচ্ছিল না। পরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমির পরামর্শ নেন। তিনি তাদের ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশনের (আইইউআই) পরামর্শ দেন। আইইউআই করে প্রথম মাসেই সফল হন এই দম্পতি।

এ বিষয়ে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি বলেন, ‘অস্ত্রোপচারের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম হয়েছে। সেগুলো প্রিম্যাচিউর বেশি। আমরা আগে যতগুলো পরীক্ষা করেছি সবসময় চারটি শিশু দেখা যায়। অস্ত্রোপচারের মাধ্যমে চারটি শিশুর প্রসবের পর আরও একটি শিশু দেখা যায়।’