হাসনাতের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শহীদ পরিবারের সদস্যরা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনীত প্রার্থী এবং দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও এনসিপি নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন এলাহাবাদ এলাকার শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা মো. সফিকুল ইসলাম, দেবিদ্বার ভিংলাবাড়ি এলাকার শহীদ সাব্বিরের মা রিনা বেগম, দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা ছাত্রশক্তি নেতা হৃদয়, রাফসান, কাজী নাছিরসহ উপজেলা নাগরিক পার্টি (এনসিপি)-এর অন্যান্য নেতৃবৃন্দ।

দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, ‘এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে সংসদ নির্বাচন করবেন। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা ভোটের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী করে আনব।’

এর আগে, কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন এনসিপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ।