১২ কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় খাগড়াছড়িতে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে খাগড়াছড়ি বাজারের এলপিজি গ্যাসের ডিলার মেসার্স জননী ট্রেডার্স, মেসার্স এস ডি ট্রেডার্স ও মেসার্স মাহফুজা ট্রেডার্সকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় তাদের সতর্ক করা হয়।
এ অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার দীপক কুমার শীল। এসময় ভোক্তা অধিকার সংগঠন কাউন্সিল অব কনজিউমার রাইটসের (সিআরবি) সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ, পুলিশ সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল বলেন, ‘সরকার নির্ধারিত অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। দোকানগুলোতে কোনো দোকানে মূল্য তালিকা পাইনি। তাদের মূল্য তালিকা লাগাতে বলা হয়েছে। প্রাথমিকভাবে সতর্কতা মূলক ৩টি দোকানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। আগামীতে আমাদের এ অভিযান আরও জোরদার করা হবে।’