পাহাড় কেটে রামগড় স্থলবন্দরে মাটি ভরাট: অভিযোগের তদন্ত শুরু

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের ভূমি উন্নয়নে পাহাড় কেটে মাটি ভরাটের অভিযোগের তদন্ত শুরু করেছে নৌ মন্ত্রণালয়ের কমিটি। শনিবার ছয় সদস্যের গঠিত কমিটি রামগড়ে কয়েকটি স্থানের মাটি কেটে নেওয়া পাহাড় ও স্থলবন্দরের ভরাটকৃত স্থান সরেজমিনে পরিদর্শন করে।

একটি জাতীয় দৈনিকে গত ৭ জানুয়া‌রি ‘ভার‌তের জন‌্য বন্দর নির্মা‌ণে পাহাড় কে‌টে জ‌মি ভরাট’ শি‌রোনা‌মে এক‌টি প্র‌তি‌বেদন প্রকা‌শিত হ‌য়। এরপর বিয়য়টি তদন্ত করার জন্য ৮ জানুয়া‌রি নৌ মন্ত্রণালয়ের যুগ্ম স‌চিব (বাস্থবক) মো. ফি‌রোজ আহ‌মেদকে আহ্বায়ক ক‌রে ৬ সদ‌স্যের এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রা হয়।‌

জানা গেছে, তদন্ত ক‌মিটি‌কে তিন কার্য‌দিব‌সের ম‌ধ্যে তদন্ত প্র‌তি‌বেদ‌ন দা‌খিল করার সময়সীমাও বে‌ধে দেওয়া হয়। এর প্রেক্ষিতে শ‌নিবার তদন্ত দল রামগড় সফরে আসে। তারা উপ‌জেলার ‌বৈদ‌্যটিলাসহ বি‌ভিন্ন এলাকায় যান।‌ সেখা‌নে স্থানীয়‌দের সা‌থে কথাবার্তা ব‌লেন। পাহাড় কাটার ছ‌বি, তথ‌্য উপাত্ত ও মা‌টির নমুন‌া সংগ্রহ ক‌রেন। তারা রামগড় স্থল বন্দর প‌রিদর্শ‌ন করে বন্দরের ভরাট কা‌জে ব‌্যাবহৃত মা‌টির নমুনা সংগ্রহ ক‌রেন। পরে সংগৃহিত মাটি প‌রীক্ষা নিরীক্ষা ক‌রা হয়। তদন্তদল নির্মাণ কাজের গুনগত মান ঘু‌রে দে‌খেন।

এ সময় তদন্ত ক‌মি‌টির সদস‌্যস‌চিব নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শার‌মিন মিথিওসহ কমিটির অন‌্যান‌্য সদস‌্য এবং রামগড় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম, বি‌জি‌বি প্র‌তি‌নি‌ধি, সংশ্লিষ্ট ঠিকাদারি প্র‌তিষ্ঠান ম‌নি‌কো লি.এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার একই অভিযোগের বিষয় খতিয়ে দেখতে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রামগড় পরিদর্শন করেন। এদিকে তদন্ত সংক্রান্ত বিষয়ে গঠিত কমিটি সাংবাদিকদের কোনো ব্রিফিং বা বক্তব্য দেননি।