আচরণবিধি লঙ্ঘনে সমর্থককে জরিমানা করায় চটলেন রুমিন ফারহানা

নির্বাচনী আচরণবিধি তদারকির দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে ‘বৃদ্ধাঙ্গুল’ দেখালেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

শনিবার বিকেলে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করলে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শনিবার দুপুরে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে রুমিন ফারহানার সঙ্গে স্থানীয়দের মতবিনিময় সভার আয়োজন করা হয়। তিনি সভাস্থলে পৌঁছানোর পর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান সেখানে উপস্থিত হয়ে তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তবে রুমিন ফারহানার সমর্থকদের দাবি, সভাস্থলে কোনো ব্যানার বা মাইক ব্যবহার করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রুমিন ফারহানাকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলতে শোনা যায়, ‘এই রকম দেখাই আপনাদেরকে। কিছু করতে পারেন না। আজকে শুনছি। আঙুল তুলে বলে গেলাম—ভবিষ্যতে আর শুনব না। আমি যদি না বলি, এখান থেকে বের হতে পারবেন না। বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন।’

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানকে বলতে শোনা যায়, ‘আচরণবিধি লঙ্ঘন করলে আমরা ব্যবস্থা নেব।’ একপর্যায়ে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে সভাস্থল ত্যাগ করেন। পরে সেখানে স্থানীয় লোকজনকে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা করছিলেন। তাকে সভাস্থল ত্যাগ করতে বলা হয়। যাওয়ার সময় তিনি উত্তেজিত হয়ে পড়েন। এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে।’

এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমি আশা করব, এ নির্বাচনে প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ আচরণ করবে এবং পক্ষপাতদুষ্ট কোনো ভূমিকা রাখবে না।’ তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও আচরণবিধি লঙ্ঘন করে সভা করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।