নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মমিনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কমিটির চেয়ারম্যান (সিভিল জজ) নুরুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত নোটিশে বিষয়টি উল্লেখ করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী মো. মমিনুল হক নির্বাচনী এলাকায় তার ছবি ও ধানের শীষ প্রতীক সংবলিত ‘জনাব ইঞ্জি. মমিনুল হক ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ লেখা রঙিন প্লাস্টিকের ফেস্টুন গাছে ঝুলিয়েছেন। গত ২৭ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সরেজমিন পরিদর্শনকালে পুলিশ ও সেনাসদস্যদের উপস্থিতিতে এসব ফেস্টুন কমিটির নজরে আসে। এ ছাড়া নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে এ ধরনের আরও কয়েকটি ফেস্টুন দেখা গেছে। এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়।
একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারি তার ছবি ও হাতপাখা প্রতীক সংবলিত ‘আলহাজ মোহাম্মদ আলী পাটোয়ারিকে হাতপাখা মার্কায় ভোট দিন’ লেখা রঙিন পোস্টার দেয়ালে ব্যবহার করেছেন। গত ২৭ জানুয়ারি সরেজমিন পরিদর্শনের সময় পুলিশ ও সেনাসদস্যদের উপস্থিতিতে এসব পোস্টার কমিটির দৃষ্টিগোচর হয়। নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে এ ধরনের আরও পোস্টার দেখা গেছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।
এ পরিস্থিতিতে উভয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিষয়টি আমলে না নেওয়া হবে নাকি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পূর্ণাঙ্গ তদন্ত শেষে নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়েছে।
নোটিশে আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে হাজীগঞ্জ সিভিল জজ আদালতে (জেলা জজ আদালত ভবন, চাঁদপুর) নিজে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে জবাব দিতে ব্যর্থ হলে তাদের বক্তব্য ব্যতিরেকেই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এ ছাড়া উভয় কারণ দর্শানোর নোটিশ দ্রুত জারি করে জারির প্রতিবেদন সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠাতে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।