লক্ষ্মীপুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর একটি বাথরুমের সেপটিক ট্যাংক থেকে দেড় বছরের শিশু কানিজ ফাতেমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কানিজ ফাতেমা ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়িতে খেলাধুলার সময় শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় একই বাড়ির বাসিন্দা তোফায়েল আহাম্মদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তার (২৫)–কে গ্রেপ্তার করা হয়েছে।

শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীন অভিযোগ করে বলেন, ঘটনার দিন সকালে তার মেয়ে প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে গিয়েছিল। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে শিশুটিকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।