চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের মেয়াদ শেষ হচ্ছে আজ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেনের মেয়াদ শেষ হচ্ছে আজ। বর্তমান নির্বাচিত ষষ্ঠ পরিষদের প্রথম সভা হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি। নিয়ম অনুযায়ী আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বর্তমান পরিষদের মেয়াদ শেষ হচ্ছে।

এদিকে মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন পূর্বে নির্বাচন আয়োজন করার বাধ্যবাধকতা থাকলেও এ বিষয়ে এখনো কোনো তথ্য নেই প্রশাসনের কাছে।

২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তন হয়। ১৯ আগস্ট চট্টগ্রামসহ দেশের ১২সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের ১ অক্টোবর চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল ডা. শাহাদাতকে মেয়র ঘোষণা করে মামলার রায় দেন। একই সঙ্গে ১০ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির জন্য নির্বাচন কমিশন সচিবকে নির্দেশ দেন।

এরপর ৮ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে ৩ নভেম্বর শপথগ্রহণ এবং ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চসিকের দায়িত্ব গ্রহণ করেন ডা. শাহাদাত। তিনি ২০২৪ সালের ১১ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠানের মাধ্যমে চসিকের কার্যক্রম শুরু করেন। ফলে আদালতের রায়ে মেয়র হওয়ার ১৫ মাস পর নিয়ম অনুযায়ী আজ ডা. শাহাদাত হোসেনের শেষ দিন।

স্থানীয় সরকার আইন অনুযায়ী, সিটি কর্পোরেশনের কার্যক্রম গতিশীল রাখতে সরকার প্রশাসক দেওয়ার বিধান রয়েছে।