কুমিল্লার দাউদকান্দিতে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন।
শনিবার বিকেলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জিয়াউল হকে (৩৭) মৃত্যু হয়। এরআগে গত ২৮ ফেব্রুয়ারি মারা যান তার স্ত্রী।
গত ২৪ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে দাউদকান্দি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজপাড়া (বলদাখাল) এলাকার পিয়ার হোসেনের বিল্ডিংয়ে ওই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে এখনো মনোয়ারা (৬০) ও হুররাম (২) চিকিৎসাধীন।
২৮ ফেব্রুয়ারি জিয়াউলের স্ত্রী উম্মে হুমায়রা (৩০) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেন তার ভগ্নিপতি মোখলেছুর রহমান।
দুর্ঘটনার দিন দাউদকান্দি ফায়ার স্টেশন ইন্সপেক্টর এরশাদ হুসাইন বলেন, লাইনের গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। তবে ওই বাসায় গ্যাসের অক্ষত সিলিন্ডারও পাওয়া গেছে। সিলিন্ডার বিস্ফোরণ হয়নি।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের প্রকৌশলী অম্লান কুমার দত্ত জানান, ওই বাড়িতে কোনো বৈধ সংযোগ ছিল না। তারা অবৈধ সংযোগ ব্যববহার করতেন এবং সেই সংযোগও কিছুদিন আগে বিচ্ছিন্ন করা হয়। তারা হয় তো আবার নিজস্ব কোনো পদ্ধতিতে এই লাইন ব্যবহার করেছেন এবং এই দুর্ঘটনা ঘটেছে।