চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে হামলায় আহত এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার রাতের ওই ঘটনায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি জমাদ্দার বাড়িতে ঘটেছে এ হামলার ঘটনা। মারা যাওয়া ব্যক্তির নাম আলী হায়দার মজুমদার (৬২)। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
পরিবার ও পুলিশ জানায়, সোমবার একই এলাকার ইসমাইল, সোহাগ, ফয়েজ, হাজেরা বেগম ও দুলালীদের সাথে আলী হায়দার মজুমদারের পারিবারিক কবরস্থানে থাকা একটি গাছ কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে আলী হায়দার মজুমদারের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
আলী হায়দারের মাথায় রক্তাক্ত ও শরীরের বিভিন্ন স্থানে জখমে গুরুতর আহত হয়ে পড়েন তিনি। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আলী হায়দারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হামলাকারীরা গা-ঢাকা দিয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানা (তদন্ত) ওসি এমদাদুল হক জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।