চাঁদপুরের হাজীগঞ্জে মুরগি বহনকারী ট্রলির সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে কিবরিয়া আলম (৩০) নামের এক যাত্রীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মারা গেছে। এ ঘটনায় এক নারীসহ আরও ৩ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকার জাফর মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত কিবরিয়া আলম শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে। আহত নারী রিনা বেগম (২৫) একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী।
কোমরে আঘাতপ্রাপ্ত রিনা বেগম জানান, সিএনজিটি যেমন জোরে চলছিল, ঠিক তেমনি বিপরীত দিক থেকে আসা মুরগির ট্রলিটি দ্রুত বেগে এসে সজোরে ধাক্কা মারে। এতে যাত্রীরা সিএনজি থেকে ছিটকে দুই দিকে পড়ে যায়। এর মাঝে কিবরিয়া নামের একজন সড়কের উপরে পড়েছে, কিন্তু সম্ভবত ট্রলির সাথে মারাত্বক সংঘর্ষের কারনে তার শরীর থেকে মাথাটি আলাদা হয়ে যায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন জানান, ঘটনার পর পর ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষনিকভাবে কারও পরিচয় জানা সম্ভব হয়নি। আহতের মধ্যে সিএনজি চালক রয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, ঘটনার পর পর এখানে এসে দেখি হৃদয়বিদারক এক ঘটনা। আহত রিনার বরাত দিয়ে তিনি জানান, নিহত ব্যক্তির নাম কিবরিয়া। সিএনজির সাথে মুরগির (ট্রলির) সংঘর্ষ হয়, তবে এর পরে কি হয়েছে তা বলতে পারছেন না।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো: আব্দুর জব্বার জানান, দুটি গাড়ি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।