কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে পুলিশের মাদকবিরোধী অভিযানে হামলা হয়েছে। এসময় মাদক কারবারিদের হামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের লাইব্রেরির সামনে এ ঘটনা হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন— এসআই মো. জনি, এসআই জিহাদ আলী ও কনস্টেবল ইমরান হোসেন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হাসপাতালে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী নিয়মিত অভিযান চালাতে যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় সেখানে অবস্থানরত সন্দেহভাজন দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।
আটকের খবর ছড়িয়ে পড়লে ওই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যরা ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায় এবং আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের ধস্তাধস্তিতে ডিবি পুলিশের তিন সদস্য গুরুতর আহত হন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে পুলিশের ওপর হামলার একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’


