চাঁদপুরে খামারের শ্রমিককে হত্যা: অভিযুক্তকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণে গরুর খামারের শ্রমিক মনজিল শেখ (৫৫) হত্যাকাণ্ডের ঘটনার ৭ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাগর হোসেনকে (২৩) সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে মতলব দক্ষিণ থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জবীর হুসাইন সানীব।

সহকারী পুলিশ সুপার বলেন, ‘হত্যাকাণ্ডের পর তথ্য–প্রযুক্তির মাধ্যমে দ্রুত সময়ে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে সাতক্ষীরা সদর উপজেলা থেকে সাগর হোসেনকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।’

হত্যাকাণ্ডের কারণ হিসেবে সহকারী পুলিশ সুপার জবীর হুসাইন সানীব জানান, ঘটনার রাতে উভয়ের মধ্যে বিরোধ ও কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সাগর লোহার রড দিয়ে মনজিলের মাথায় আঘাত করে।

তিনি আরও জানান, অভিযুক্ত সাগর হোসেন ভারত পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। নিহত মনজিল শেখের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়।

এর আগে, গত শনিবার রাতে হত্যাকাণ্ডের পর পালিয়ে যান সাগর। রোববার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

নিহত মনজিল শেখ ও অভিযুক্ত সাগর হোসেন উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর প্রধানীয়া বাড়ির ইয়াকুব প্রধানের এমএসপি এগ্রো নামের গরুর খামারের কর্মরত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার আসামিকে আজ দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদ সম্মেলনে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকার ও তদন্ত কর্মকর্তা এসআই মো. জালাল উদ্দীন উপস্থিত ছিলেন।