নোয়াখালী জেলা সদরে চলন্ত বাস থেকে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। বুধবার রাতে সদর উপজেলার মাইজদী বাজার এলাকায় চৌমুহনী-মাইজদী সড়কে দুর্ঘটনা হয়।
নিহত মো. রাজু (২৮) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মো. সাখায়েত উল্যার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত ৯টার দিকে সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাস বেগমগঞ্জ চৌরাস্তা থেকে সদর উপজেলার সোনাপুরের দিকে যাচ্ছিল। পথে মাইজদী বাজার এলাকায় চালকের সহকারী মো. রাজু হঠাৎ বাস থেকে সড়কে পড়ে যান। মুহুর্তের মধ্যে ওই বাসের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত রাজু অসাবধানতাবশত বাস থেকে পড়ে মারা গেছেন বলে জানা গেছে। তবে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।’
ওসি মোবারক হোসেন আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’