লক্ষ্মীপুরের রায়পুরে স্কুলে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা ধসে পড়ে ৭ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে ষষ্ঠ শ্রেণির সাদিয়া আক্তার, নাদিয়া আক্তার ও রিতু বনিকসহ আরও কয়েকজন রয়েছেন। এদের মধ্যে তিনজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের সায়েস্তানগর গ্রামের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, ক্লাস চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীদের ওপর। এতে কয়েকজন শিক্ষার্থী মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তিনজনকে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
আহত শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, বিদ্যালয়টির পুরোনো ভবন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজের মান ভালো না হওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে। নতুন ভবনের জন্য গত ২০২৫ সালের ১১ ডিসেম্বর শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হলেও তা গুরুত্ব পায়নি বলেও অভিযোগ তাদের।
বিদ্যালয় সূত্র জানায়, ঘটনার পর শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী নাদিরা ও সাদিয়া জানান, ক্লাস চলাকালে হঠাৎ ছাদের অংশ ভেঙে পড়ে। এতে ৭ জন আহত হয়। পরে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয় এবং ৩ জন হাসপাতালে ভর্তি আছে। তারা এখন আশঙ্কামুক্ত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ‘বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান চালানো হচ্ছিল। বিষয়টি স্থানীয় ও জেলা পর্যায়ে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।’
রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তবে বরাদ্দ না থাকায় প্রয়োজনীয় সংস্কার কাজ করা সম্ভব হয়নি।’