চট্টগ্রামে হামের সংক্রমণ বাড়ায় আক্রান্ত শিশুদের ভিড় বেড়েছে হাসপাতালগুলোতে। তবে ফৌজদারহাটে সংক্রামক রোগ ইন্সটিটিউটে হাম শনাক্তের ল্যাব থাকলেও, কিট সংকট ও অনুমতির অভাবে তা চালু করা যাচ্ছে না। নমুনা ঢাকায় পাঠানো এবং রিপোর্ট আসার মাঝে নষ্ট হচ্ছে সময়, ছড়াচ্ছে সংক্রমণ।
চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই ভিড় করছে হামের উপসর্গ নিয়ে আসা রোগীরা। বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে নেই তিল ধারণের জায়গা। পরিস্থিতি সামাল দিতে খোলা হয়েছে আলাদা করনার।
চিকিৎসকেরা বলছেন, উপসর্গ নিয়ে আসা শিশুদের বেশিরভাগই নেয়নি টিকা, নয়তো অসম্পূর্ণ রেখেছে ডোজ। তাই জটিলতা এড়াতে সঠিক সময়ে শিশুদের টিকাদানের পরামর্শ দিচ্ছেন তাঁরা।
চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মুছা মিয়া জানান, জ্বরের সঙ্গে সর্দি, চোখ লালসহ ইত্যাদি উপসর্গ নিয়ে আসা রোগীদের প্রাথমিকভাবে হামে আক্রান্ত বলে ধরে নেওয়া হয়।
চট্টগ্রামে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়লেও এখানে নেই রোগ নির্ণয়ের ব্যবস্থা। ফলে সব নমুনাই পাঠাতে হয় ঢাকায়, সেই রিপোর্টও আসে দেরিতে।
অথচ চট্টগ্রামের ফৌজদারহাটে সংক্রামক রোগ ইন্সটিটিউটে (বিআইটিআইডি) আছে হাম শনাক্তের ল্যাব। যা প্রয়োজনীয় কিট আর অনুমতির অভাবে চালু করা যাচ্ছে না। ফলে রোগ নির্ণয় ও চিকিৎসায় তৈরি হচ্ছে অনাকাঙ্ক্ষিত বিলম্ব।
বিআইটিআইডিয়ের ল্যাব ইনচার্জ ডা. মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘এ ল্যাবে জেনম সিকোয়েন্সিং পর্যন্ত আমরা করতে পারি। ফলে যে কোনো ইমার্জিং বা রিইমার্জিং ইনফেকশাস ডিজিজ শনাক্তের যদি আমাদের লজিস্টিকস থাকে আমরা সেটা নির্ণয় করতে সক্ষম।’
সংকটের কথা স্বীকার করে দ্রুত পরীক্ষা শুরুর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।
বিআইটিআইডিয়ের পরিচালক ডা. ইফতেখার আহমদ জানান, এখন যেহেতু কিটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।