সাবেক হিসাব মহানিয়ন্ত্রক কামরুল হাই আর নেই

বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারের প্রথম ব্যাচের কর্মকর্তা (১৯৭৪), সাবেক হিসাব মহানিয়ন্ত্রক কামরুল হাই ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার কানাডায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

মৃত্যকালে কামরুল হাইয়ের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

কামরুল হাই ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। পাকিস্তান সরকারের ১৯৭১ ব্যাচে ৪র্থ স্থান অধিকারকারী সিএসপি অফিসার কামরুল হাই বাংলাদেশ সরকারের ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিনিয়র) পদ থেকে অবসর নেওয়ার পর ২০০৮ সাল থেকে কানাডায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। সেখানে তিনি দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

কামরুল হাই ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, ৩ নম্বর সেক্টরের গেরিলা উপদেষ্টা অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুর ছোট ভাই। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোহাতা গ্রামের কৃতি সন্তান, জেলা শহরের মৌলভীপাড়ার ‘বায়তুল আমান’ নামীয় ঐতিহাসিক বাড়ির স্বত্বাধিকারী সাবেক ডেপুটি সেক্রেটারি আবদুল হাইয়ের ৫ ছেলে ও ৫ মেয়ের মধ্যে কামরুল হাই ছিলেন ছেলেদের মধ্যে তৃতীয়।

মরহুম কামরুল হাইয়ের ছোট ভাই আল মামুন মনোয়ারুল হাই জানান, কামরুল হাইকে কানাডাতেই সমাহিত করা হবে। আজ স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় সেখানকার নাগেট মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে সাড়ে ৩টায় টরন্টোর রিচমন্ড হিলের লেসলি স্ট্রিট নর্থ এলাকায় মুসলিম কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

তিনি পরিবারের পক্ষ থেকে কামরুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া কামনা করেন।

এদিকে, বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারের ১ম ব্যাচের কর্মকর্তা, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক কামরুল হাইয়ের মৃত্যুতে বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

সংগঠনের পক্ষে মহাসচিব মো. নূরুল ইসলামের দেওয়া শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। 

কামরুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস্ অ্যান্ড ফিন্যান্স অফিসার মোহাম্মদ ফারুক হোসেন ভূঁঞার সভাপতিত্বে এবং এসএএস অধীক্ষক  মাসুকুল আলমের সঞ্চালনায় ডিস্ট্রিক্ট একাউন্টস্ অ্যান্ড ফিন্যান্স অফিসে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।