বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন এক আসামির মৃত্যু হয়েছে। রোববার সকালে হাজতখানার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসামির নাম আসাদুজ্জামান আসাদ (২৫)। তার বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মধ্য উত্তরপাড়ায়। একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশ জানায়, সিএনজি অটোরিকশা চালক হত্যা মামলার আসামি আসাদকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকারও করেন। সকালে হাজতখানার টয়লেটে যান তিনি। অনেক সময় পেরিয়ে গেলেও না ফেরায় টয়লেট থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, টয়লেটের ভেন্টিলেটরের রডের সঙ্গে লুঙ্গি বেঁধে ওই আসামি আত্মহত্যা করেছেন। মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম রনি জানান, নিহতের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।



