কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক চাপায় নিহত সাতজন এবং আহত ছয়জন দিনমজুর ছিলেন। আহতদের অভিযোগ, দুর্ঘটনার শিকার ট্রাকটি হেলপার চালাচ্ছিলেন। আজ মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসা নেওয়া আহতরা এসব অভিযোগ করেন।
জানা গেছে, দুর্ঘটনায় হতাহতরা সবাই কৃষি শ্রমিক কাজের সন্ধানে দিনাজপুর থেকে ট্রাকে থাকা চালের বস্তার ওপর চেপে কুমিল্লা ও ফেনীর দিকে যাচ্ছিলেন। নিহত সাতজন এবং আহত ছয়জন সবাই দিনাজপুরের বিরামপুর ও খলিলপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এদিকে নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতরা গৌরীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ মঙ্গলবার ভোররাত ৩টার দাউদকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ট্রাক যাত্রী জাহাঙ্গীর জানান, মেঘনা ব্রিজের টোলপ্লাজায় এসে ড্রাইভার হেলপারকে ট্রাক চালাতে দেয়। তারপরই দাউদকান্দিতে এসে ট্রাক নিয়ন্ত্রণ হারায়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক দাউদকান্দির হাসানপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এসময় ওই ট্রাকের উপরে থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়ে ৭ জন নিহত এবং ৬ জন আহত হন।
ওসি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন–দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), আলম মিয়ার ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), একই জেলার বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন (২১), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), একই গ্রামের বাসিন্দা বিষু মিয়া (৩৫) এবং রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৫)।