নোয়াখালীর হাতিয়ায় ফেরি সার্ভিস চালু হলেও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় কাঙ্ক্ষিত সুফল মিলছে না। একটি মাত্র ফেরি ও অপরিকল্পিত ঘাট এবং যাতায়াত ব্যবস্থার দুর্বলতার কারণে ভোগান্তি কমেনি। তবে দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে নৌ মন্ত্রণালয়।
হাতিয়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরের শুরুতে চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌ-রুটে ফেরি সার্ভিস চালু হয়। এ ঘাট দিয়ে দিনে দুইবার যাত্রী, যানবাহন ও পণ্য পরিবহন করছে। তবে দ্বীপের কয়েক লাখ মানুষের জন্য মাত্র একটি ফেরি চালু থাকায় দীর্ঘ সময় পণ্যবাহী ট্রাক ও যাত্রীদের ঘাটে অপেক্ষা করতে হয়।
ফেরি ঘাটের প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না হাতিয়াবাসী।
যানবাহন ও যাত্রীর চাপ সামাল দিতে না পারায় হাতিয়ায় আরও একটি নতুন ফেরি দেওয়ার পাশাপাশি দুর্ভোগ নিরসনে ফেরি ঘাটের সংস্কার ও অবকাঠামো নির্মাণের দাবি স্থানীয়দের।
তবে, সম্প্রতি সরেজমিনে ঘাট পরিদর্শন শেষে নতুন ফেরি ও অবকাঠামো নির্মাণের আশ্বাস দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, ‘আগামী কোরবানি ঈদের সময় আমরা আরও একটি ফেরী পরীক্ষামূলকভাবে এখানে চালু করব। যদি দুটি ফেরি চলাচলের জন্য যানবাহন সবসময় থাকে তাহলে দুটিই চলবে।’
ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে নৌপথে সহজ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত চান দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষ।