বান্দরবান জেলার আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নে জরুরি ভিত্তিতে মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের নেতারা।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির দুই যুগ্ম-সমন্বয়কারী এ দাবি জানান।
বিবৃতিতে মানবাধিকার কর্মী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী বলেন, আলীকদম উপজেলার সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এলাকায় গণপরিবহন ব্যবস্থা না থাকায় আক্রান্ত শিশুদের আলীকদম সদর হাসপাতালে নিয়ে আসা অত্যন্ত কষ্টসাধ্য ও দুরূহ হয়ে পড়েছে। তবুও কুরুকপাতা ইউনিয়ন থেকে হাম আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকদের হাসপাতালে আসার সংখ্যা ক্রমেই বাড়ছে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে তারা জানান, ইতোমধ্যে কুরুকপাতা ইউনিয়নে হামে আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় কুরুকপাতা ইউনিয়নে জরুরি ভিত্তিতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসাসেবা কার্যক্রম চালু করতে সরকারের সংশ্লিষ্টদের বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এছাড়া শিশুদের পুষ্টি ও নিরাপদ পানীয় জল নিশ্চিত করতে ওই ইউনিয়নে বিশেষ স্বাস্থ্য প্রণোদনা কর্মসূচি চালুর দাবি জানানো হয়। একই সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে বেসরকারি উদ্যোগে মেডিকেল ক্যাম্প চালু করার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন সংগঠনটির নেতারা।