কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

কুমিল্লায় বেড়াতে যাওয়ার পথে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ যুবককে আটক করেছে চান্দিনা থানা­-পুলিশ। ভুক্তভোগী নারীর স্বামীর কাছ থেকে জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে সোমবার ভোরে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মামলার বরাতে জানান, গতকাল রোববার রাতে স্বামী-স্ত্রী অটোরিকশায় করে বরুড়া উপজেলা থেকে চান্দিনায় বেড়াতে যাচ্ছিল। পথে তাদের অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে হেঁটে রওনা হন। আনুমানিক ১টার দিকে একদল বখাটে তাদের পথরোধ করে। স্বামীকে মারধর করে আটকে রাখে এবং জোরপূর্বক স্ত্রীকে তুলে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই নারী। 

ওসি আরও জানান, ভোররাতে ভুক্তভোগী স্বামী তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় ফেরত চাইলে অভিযুক্তরা উল্টো ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নিরুপায় হয়ে স্বামী তার আত্মীয়-স্বজনদের বিষয়টি জানান এবং তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে চান্দিনা থানা-পুলিশ ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত চার জন আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। 

ওসি আতিকুর রহমান জানান, ভুক্তভোগী নারী পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই তিন জনকে আসামি করে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। এর মধ্যে মেহেদী হাসান তারেক, মো. আশিক, আরিফ, ইসমাইল নামে চারজনকে রাতেই আটক করেছে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।