চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় ৫৭৮ টান (৫ লাখ ৭৮ হাজার ৬০০ কেজি) সরকারি চাল উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কদম রসুল এলাকার একটি গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।
র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাওহীদুল ইসলাম জানান, সরকারি এসব চাল লাইসেন্স ব্যতীত অবৈধভাবে মজুত করা হয়েছিল। পাশাপাশি বাজারজাত করতে ভিন্ন মোড়ক দেওয়া হচ্ছিল। এসব চাল মজুতে যথাযথ কোনো কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা। পরে গুদামটির মালিক আবদুল আজিজকে গ্রেপ্তার করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার তাওহীদুল ইসলাম আরও জানান, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি চাল কীভাবে গুদামটিতে গেল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ধরনের অভিযান সামনেও চলবে বলে জানান তিনি।