চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। শুক্রবার বিকেলে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্যানেল লিডার এস এম নুরুল হক এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে চেম্বারের নির্বাচন প্রক্রিয়া, সময় নির্ধারণ এবং আদালত সংশ্লিষ্ট জটিলতা নিয়ে বিস্তৃত অভিযোগ তুলে ধরা হয়।
এসময় এস এম নুরুল হক জানান, ভুয়া ভোটার তালিকার অভিযোগ করে তালিকা সংশোধন করতে নির্বাচন নিয়ে উচ্চ আদালতে মামলা করা হয়। মামলা নিষ্পত্তি হওয়ার আগেই আদালতের নির্দেশ উপেক্ষা করে এই নির্বাচন আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি আরও বলেন, 'সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার আরও বলেন, অবৈধভাবে টাকা জমা দিয়ে টাউন অ্যাসোসিয়েশন এবং ট্রেড গ্রুপের পক্ষ থেকে তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসার জন্য অপতৎপরতা শুরু হয়। আমরা আগামীকালের, ২৩ মে ২০২৬-এর নির্বাচন প্রত্যাখ্যান করলাম।'
চট্টগ্রাম চেম্বারের ইতিহাসে এ ধরনের নির্বাচন নেতিবাচক বলে উল্লেখ করার পাশাপাশি সংবাদ সম্মেলনে আগামীকালের (শনিবারের) এই প্রহসনের নির্বাচন বর্জন করতে ভোটারদের প্রতিও আহ্বান জানান তিনি।