ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জন নেতাকর্মীকে আটক করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩টা হায়েস মাইক্রোবাস ও দুটি মিনিবাস জব্দ করা হয়।
রোববার দুপুর দেড়টায় দিকে উপজেলার মহাসড়কের মাটিয়ারা এলাকায় চট্টগ্রামমুখী লেনে ছাত্রলীগ নেতাকর্মীরা এ মিছিল বের করেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি আটকদের নাম–পরিচয় জানাতে পারেননি।
ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে চট্টগ্রামমুখী লেনে হঠাৎ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া করে মাটিয়ারা এলাকা থেকে ৪৫ জনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে মিছিলকারীদের বহন করা ৩টি হায়েস গাড়ি ও দুটি মিনিবাস জব্দ করে।
ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম আরও জানান, ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ ৪৫-৪৬ জনকে আটক করেছে। আটকদের যাচাই-বাছাই ও বিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত পরে জানানো হবে।