খাগড়াছড়ির রামগড়ে এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর মামা বাদী হয়ে রামগড় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তির নাম ওমর ফারুক। তিনি পেশায় একজন চা দোকানি এবং ভুক্তভোগী ছাত্রীর এক সহপাঠীর বাবা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে নানা বাড়িতে ওই ছাত্রীকে ওমর ফারুক ধর্ষণের চেষ্টা করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে ওমর ফারুক পালিয়ে যায়।
ভুক্তভোগীর এক স্বজন জানান, ঘটনার সময় ঘরে কেউ না থাকার সুযোগে ওমর ফারুক এই ঘটনা ঘটায়। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দিয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, ‘শুক্রবার রাত ১২টার দিকে ভুক্তভোগীর মামা ধর্ষণচেষ্টার মামলা করেছেন। দুপুরে ঘটনা ঘটলেও ভুক্তভোগীর পরিবার থানায় আসতে কিছুটা দেরি করেছে।’
তিনি আরও বলেন, ‘স্থানীয়ভাবে জানা গেছে ঘটনার পর ওমর ফারুকের পক্ষ থেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। দিনভর দেন দরবার চালিয়ে ব্যর্থ হওয়ার পর গভীর রাতে ভুক্তভোগীর পরিবার থানায় আসে। ততক্ষণে অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’