চাঁদপুরে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ৮ দিন পর হত্যা রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গত ২৫ জুন মতলব উত্তর কলাকান্দা ইউনিয়ন থেকে মজিদা বেগম নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতের অভিযোগে নিহতের ছেলে মো. জনিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৭ জুন পারিবারিক অশান্তির জেরে মা মজিদা বেগমকে হত্যা করে ছেলে জনি। এদিন ছ্যাংগারচর বাজার থেকে মাকে অটোরিকশায় করে কলাকান্দা ইউনিয়নের একটি কলাবাগানে নিয়ে যায় ছেলে। পরে সেখানে জমির আইলে জমে থাকা পানিতে চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা করে।
এর এক সপ্তাহ পর ২৫ জুন স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের পর তদন্ত করে ছেলে জনিকে গ্রেপ্তার করে পুলিশ।
হত্যাকারী জনির দাবি, তার মা মজিদা বেগম একাধিক বিয়ে করেন। ছোটবেলা থেকে বাবা-মায়ের আদর ছাড়া মামাবাড়িতে নিগৃহীত হয়ে বড় হওয়ায় মায়ের প্রতি তার দীর্ঘদিনের ক্ষোভ ছিল। জনি ঢাকায় ফল বিক্রেতার কাজ করতেন। ব্যক্তিগত ক্ষোভ থেকেই মাকে হত্যা করেন তিনি।