দুয়েক বছর ধরে রাজধানীর বিভিন্ন সিসা বারে বেশকিছু অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে সেগুলো সিলগালাও করা হয়। তবে এতে শুধু ব্যবসার ধরন পরিবর্তন হয়েছে, বেচাকেনা কমেনি।
এর পরিপ্রেক্ষিতে রাজধানীর দুটি এলাকায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ৬৬ কেজি সিসা জব্দ ও চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুই জমজ ভাই রয়েছেন। তারা ইরান থেকে সিসা বিক্রি শিখে এসে দেশে অনলাইনে এই কার্যক্রম পরিচালনা করতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন জানান, বার বন্ধের পর অনলাইনে ব্যবসা শুরু করে একটি চক্র, এমন তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। গোপন খবরে বৃহস্পতিবার রাতে রাজধানীর কালাচাঁদপুর ও ভাটারা এলাকায় অভিযানে নামেন কর্মকর্তারা। জব্দ করা হয় প্রায় ৬৬ কেজি সিসা, ৪১টি হুক্কা এবং সিসা সেবনে ব্যবহার করা ৪০ কেজি কয়লা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। তাদের মধ্যে জমজ দুই ভাই আহমেদ ও মেহদাদ সিসা সেবনের নানা কৌশলের ওপর প্রশিক্ষণ নিয়েছেন ইরানে। দেশে ফিরে অনলাইনে বিক্রির নেটওয়ার্ক গড়ে তোলেন তারা। বিদেশ থেকে কুরিয়ারে কিংবা বাহকের মাধ্যমে অল্প অল্প করে সিসা আনেন দুই ভাই।
এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। বাকি সদস্যদের ধরতে জব্দ করা ফোন ও ডিজিটাল ডিভাইসের তথ্য যাচাই করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।



