মঙ্গলবারের রেকর্ড বৃষ্টির পর আজও ভারী বৃষ্টিতে চরম ভোগান্তিতে চট্টগ্রামবাসী। বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
সড়কে ধস, জলাবদ্ধতাসহ নানা বিপাকে বাসিন্দারা। এদিকে, চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিভিন্ন অংশে রেল লাইনে পানিতে ডুবে থাকায় এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গতকাল রাতে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিলের পর সকাল থেকে কক্সবাজার এক্সপ্রেস, প্রবাল এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিক।
এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তাদের দাবি, ট্রেন কর্তৃপক্ষ আগে থেকেই জানিয়ে দিলে এমন দুর্ভোগে পড়তে হতো না তাদের। সকাল চট্টগ্রাম স্টেশনে দেখা গেছে, অনেক যাত্রী বিকল্প উপায়ে কক্সাবাজার যাচ্ছেন। অনেকেই ঢাকায় ফিরে যাচ্ছেন।
এছাড়া, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হয়েছে বিমান চলাচল।
আগামী ২৪ ঘন্টাতেও ভারী বৃষ্টির পূর্বাভাসের সাথে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আছে।