বৃষ্টিতে এখনও প্লাবিত চট্টগ্রামের নিম্নাঞ্চল

চট্টগ্রামে গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায়ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর সাথেই ডুবেছে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ। কক্সবাজারগামী ৩টি ট্রেনের যাত্রা বাতিল করা ছাড়াও এই রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। যাত্রী নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। এদিকে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। 

সরেজমিনে দেখা যায়, রাতে বৃষ্টি কম থাকার পাশাপাশি কর্নফুলি নদীতে ভাটার কারণে নগরীর জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে জোয়ার এলে এবং বৃষ্টি অব্যাহত থাকলে আবারও জলাবদ্ধতা তৈরি হবার শঙ্কা রয়েছে। 

অন্যদিকে সকাল থেকে বৃষ্টির কারণে আজও দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। রাস্তায় যানবাহনের সংখ্যা কিছুটা কম। এদিকে পাহাড়ধসের শংকায় মাইকিং অব্যাহত আছে। জেলা প্রশাসন আশ্রয়কেন্দ্র খুললেও সেখানে কোনো মানুষ এখনও যায়নি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, বৃষ্টি হলেই দুর্ভোগে পড়তে হয়। শহরের জলাবদ্ধতা কমানোর স্থায়ী সমাধান চাই।

শহরের এক অটোরিকশার চালক বলেন, বৃষ্টির কারণে অনেক রাস্তায় পানি উঠে গেছে। এই জন্য গাড়ি চালানো কষ্ট হয়ে যাচ্ছে।

এদিকে পার্বত্য চট্টগ্রাম থেকে নেমে আসা পানিতে জেলার সাতকানিয়া, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানের নিন্মাঞ্চল প্লাবিত হবার খবর পাওয়া গেছে।